উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসিয়ান কাপে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই সদস্য সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটক্লাবের ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি ও ভিডিও ইন্দোনেশিয়ার নয়, বরং দুই মাস আগের নেপাল সফরের বলে স্পষ্ট করেছেন ইন্দোনেশীয় তরুণী এলেনা।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এলেনা বিষয়টি পরিষ্কার করে লেখেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এই ছবি ও ভিডিওগুলো দুই মাস আগের নেপাল ভ্রমণের। তখন আমার সঙ্গে খুব চমৎকার ও পেশাদার কয়েকজন বন্ধুর পরিচয় হয়েছিল।’ অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন।
দেরিতে পোস্ট করার ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ‘আমার পোস্ট কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময়ই ভ্রমণ শেষ করার অনেক পর ছবি বা ভিডিও পোস্ট করে থাকি। ভ্রমণের সময়ে নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তগুলো উপভোগ করতেই আমি সঙ্গে সঙ্গে কিছু পোস্ট করি না।’
এর আগে ছবিগুলো প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়েন সাদ ও সোহেল রানা। তবে শুরু থেকেই তারা দাবি করে আসছিলেন যে ঘটনাটি জাকার্তার নয়, বরং আসিয়ান কাপের অনেক আগে নেপালের ছুটির দিনের। সাদ উদ্দিনের বিশেষ অনুরোধেই ওই তরুণী পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাখ্যা দেন।