উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় দায়িত্ব নেওয়ার কথা ছিল পরদিন, কিন্তু সেই দায়িত্ব পালন করা হলো না চিকিৎসক ডা. আঁচল রায়ের। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রোববার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৩০ বছর। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারেক জানান, অসুস্থ হওয়ার আগের দিনও তিনি হাসপাতালে রোগীদের সেবা দিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর প্রথম চার দিন বাসায় চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়।
ডা. আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ইন্টারনাল মেডিসিনে এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার অকাল প্রয়াণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।