উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। আজ শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিবৃতিতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ওমরাহ শেষে বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই হয়রানির শিকার হন আখতারুজ্জামান। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান। যাত্রী হয়রানির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ তদন্তের কথা জানিয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পুলিশ তদন্তের কথা বললেও তার আগেই উল্টো আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হলো। বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষা ও লাগেজ হয়রানির মতো ঘটনায় যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
মেজর (অব.) আখতারুজ্জামানসহ সাধারণ যাত্রীদের ভোগান্তির ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সরকারের প্রতি মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান তিনি।