উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বেলায়েতের মোড়ে স্থানীয় সাধারণ মানুষ, অসহায়, অসুস্থ ও দুস্থদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এ সভায় এলাকার মানুষ তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যা, দুঃখ-কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরেন। কেউ চিকিৎসার অর্থের অভাবে অসহায়ত্বের কথা জানান, কেউ দারিদ্র্যের কারণে সন্তানের পড়াশোনার খরচ চালাতে না পারার কথা বলেন। আবার একজন অসহায় ব্যক্তি মেয়ের বিয়ের জন্য সহযোগিতার আকুতি জানান।
সভায় কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ মনোযোগ ও ধৈর্যের সঙ্গে অসহায় মানুষের কথাগুলো শোনেন। মানুষের কষ্টের কথা শুনে তিনি তাঁদের পাশে থাকার এবং সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে কালিয়াকৈর পৌরসভার সার্বিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করতে চান।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।