উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন করতে হবে। ফেরদৌসী আহমেদ ছিলেন সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। এই আসনটিতে কীভাবে নির্বাচন হবে এবং সব দল প্রার্থী দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি যার মধ্যে ৩০০ আসনে সরাসরি ভোট হয় এবং ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল যার একটিতে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। তিনি বিএনপির প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিরপুরের শাহ আলী থানার কমিশনার ছিলেন।
আইন অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংরক্ষিত আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। যে দল বা জোটের অনুকূলে আসনটি ছিল, শুধু সেই দল বা জোটই উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে পারবে। এই উপনির্বাচনে ভোটার হবেন ওই নির্দিষ্ট দল বা জোটের সংসদ সদস্যরা। অর্থাৎ শূন্য হওয়া এই আসনে শুধু বিএনপিই প্রার্থী দিতে পারবে এবং একাধিক প্রার্থী থাকলে বিএনপির সংসদ সদস্যরা ভোট দেবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন দেবে। এই উপনির্বাচনেও পূর্ণাঙ্গ তফসিল দিতে হবে এবং একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। দ্রুত পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্পিকার সাংবাদিকদের জানান, সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্রই আসনটি শূন্য হয়ে গেছে এবং তা গেজেট করার জন্য পাঠানো হয়েছে। গেজেট আসার পর নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হয়েছে।