উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ (বাসস): বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় দেশের শিল্প ও অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং দৈনিক যুগান্তর যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্প ও অর্থনীতিকে এগিয়ে নিতে বাস্তবভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে হবে। বিশ্ববাজারে টিকে থাকতে প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর ওভারল্যাপিং বন্ধ করার আহ্বান জানান। এ সময় শিল্পসচিব আব্দুন নাসের খান, এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক ও সম্পাদক আব্দুল হাই শিকদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
মন্ত্রী আরও জানান, এডিপির নতুন প্রকল্প প্রস্তাবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে যাচাই করা যেতে পারে যাতে অপচয় কমে। উৎপাদনশীলতা শুধু কারখানার উৎপাদন নয়, একে একটি সংস্কৃতিতে পরিণত করার তাগিদ দিয়ে তিনি কম সম্পদ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার কথা বলেন। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।