উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গোয়ালটেক এলাকায় গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এবং ৪৭ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর জনাব হেলাল তালুকদার।
অনুষ্ঠানে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম সদস্য সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য।
তিনি আরও বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে স্বাবলম্বী করার স্বপ্ন দেখেছিলেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—দেশের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ ও খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে।
জনতার কাউন্সিলর উল্লেখ করেন, কোটবাড়ি গোয়ালটেকসহ দক্ষিণখানের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় শত শত অসহায় ও দুস্থ পরিবারকে সারিবদ্ধভাবে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে চাল প্রদান করা হয়।