উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। এমনকি তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে বলার বিষয়টিও দলের উচ্চপর্যায়ে আলোচনায় রয়েছে। বিএনপির গুরুত্বপূর্ণ দুটি সূত্রসহ দল ও সরকারের সংশ্লিষ্ট মোট চারটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে তবে এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে সংসদ সদস্য ফেরদৌসীর কাছে জানতে চাইলে তিনি বুধবার রাত ১০টায় প্রথম আলোকে বলেন, তিনি তখন পর্যন্ত পদত্যাগ–সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি এবং এ বিষয়ে তিনি কিছু শোনেননি। সূত্রগুলোর ভাষ্য, রাড্ডা ঘটনা নিয়ে সরকারও কঠোর অবস্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রী দুই দিন ধরে ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। তদন্তে ফেরদৌসীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দলীয় ওই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে বুধবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেছেন, নিরপেক্ষ তদন্ত চলছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র বলেছে, রাড্ডার ঘটনাটি দলের শীর্ষ পর্যায় থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অনুসন্ধানে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের নেপথ্যে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের ভূমিকার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা অন্যতম। রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আলোচনায় আসা সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড-এর কার্যক্রমেও স্থানীয় বিএনপির কয়েকজন যুক্ত বলে তথ্য পাওয়া গেছে।
ঘটনা নিয়ে আলোচনা চলার মধ্যেই বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে দল ও অঙ্গসংগঠনগুলোর বিজ্ঞপ্তিতে এসব সাংগঠনিক সিদ্ধান্তের সঙ্গে রাড্ডার ঘটনার সরাসরি কোনো সম্পর্কের কথা বলা হয়নি।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা হয়। অভিযোগ রয়েছে, দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এই কেন্দ্রটি।
হামলা ও ভাঙচুরের চার দিন পর ধ্বংসস্তূপ সরিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিকে আবার ব্যবহারের উপযোগী করে তুলতে দ্রুতগতিতে সংস্কারকাজ চলছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার প্রথম আলোকে বলেন, কেন্দ্রের সংস্কারকাজ চলছে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সহায়তায়। সংস্কারকাজ তদারক করছেন শাহ আলী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।