উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগরে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে শয্যাশায়ী হয়ে মানবেতর জীবনযাপন করছেন শারীরিক প্রতিবন্ধী মো. জহির উদ্দিন। উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে জহির মা আয়েশা বেগম ও স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে সংসার করছেন। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী জহির দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও এতদিন ভিক্ষাবৃত্তি করে কোনোরকমে সংসার চালাতেন।
গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার পর তার সামান্য আয়ও বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। অর্থের অভাবে জহিরকে নিয়মিত ডাক্তার দেখানো বা প্রয়োজনীয় ওষুধ কেনা সম্ভব হচ্ছে না, ফলে দিন দিন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। জহিরের স্ত্রী নাসিমা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে জানান যে টাকার অভাবে তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না এবং তিনি সকলের কাছে তাঁর স্বামীকে বাঁচানোর আকুল আবেদন জানান।
অসহায় জহিরকে বাঁচাতে তার পরিবার লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।