উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর মধ্যে উপজেলা পরিষদের সামনের পুকুরে ৪০ কেজি, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, থানা পুকুরে ২৫ কেজি, সরকারি কলেজ পুকুরে ১৫ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, ফোরকানিয়া মাদ্রাসা পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্প পুকুরে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রাম পুকুরে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প-২ পুকুরে ১৫ কেজি, গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখা পুকুরে ২০ কেজি, কুশলী শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা পুকুরে ১৫ কেজি, পাটগাতি দক্ষিণপাড়া চেয়ারম্যান বাড়ির মসজিদ পুকুরে ১০ কেজি, গিমাডাঙ্গা নোয়া মিয়ার বাড়ির মসজিদ পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে ভূমিকা রাখবে।