উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের হাতে অপদস্থ হয়েছেন কৃষি বিভাগের এক উপসহকারী কর্মকর্তা। রোববার সকাল ১১টার দিকে উপজেলার দরগ্রাম বাজারের একটি সারের দোকানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি মৌসুমে সারের চাহিদা বাড়লে কৃষকরা ডিলার বাবুলের দোকানে সার কিনতে যান। কিন্তু বারবার সময় দেওয়ার পরও সার না পাওয়ায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কাছে কৃষকরা জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, সন্তোষজনক উত্তর না পাওয়ায় এক পর্যায়ে কৃষকরা ওই কর্মকর্তাকে চড় মেরে দোকান থেকে বের করে দেন। পরে তাকে মারধরের চেষ্টা করা হলে উপস্থিত অন্যরা বাধা প্রদান করেন।
ঘটনার পরপরই সাটুরিয়া থানার ওসি, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষি কর্মকর্তা এস. এম. তারেক মাহমুদ জানিয়েছেন, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।