উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ মীরপুর ফকিরের হাট এলাকায় মহিউদ্দিন বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সম্পৃক্ত রয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে জানানোর পর তিনি একাধিকবার শাহ মীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। কিন্তু অভিযোগকারীদের অভিযোগ, নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্ত মহিউদ্দিন বাবুর সঙ্গে ফাঁড়ির ইনচার্জের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করা হচ্ছে বলে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা ও কর্ণফুলী থানার ওসিদের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় না দিয়ে সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি আইনবহির্ভূত কাজ করেন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্যের পর স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে এবং তারা আশা করছেন এবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।