উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যাংকিং খাতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ঋণ ও বিনিয়োগের ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে এসবিএসি ব্যাংক পিএলসি আয়োজিত বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের মুনাফা অর্জনের চেয়ে আমানতকারীদের স্বার্থ রক্ষা বেশি জরুরি। তদারকি জোরদারের মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। তিনি ঋণ বিতরণে কোনো নির্দিষ্ট গ্রুপ বা খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা পরিহারের পরামর্শ দেন।
এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।
সভাপতির বক্তব্যে এস এম মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ টেকসই হয় না। ব্যাংকিং খাতের প্রতিটি কার্যক্রমে ঝুঁকি রয়েছে, যা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান এবং সাগুফতা ইকবাল। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা সরাসরি এবং অনলাইনে এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।