উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চান লিওনেল মেসি ফুটবল থেকে এখনই অবসর না নিয়ে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যান। এমনকি ভবিষ্যতে মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কোচিং স্টাফের ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। স্কালোনির মতে, মেসি জাতীয় দল থেকে বিদায় নিলেও একজন ফুটবলার হিসেবে তাঁর খেলা চালিয়ে যাওয়া উচিত।
আগামীকাল বুধবার ভোর ৫টায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন চোট কাটিয়ে ওঠা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। চোয়ালের অস্ত্রোপচারের পর এখন তিনি পুরোপুরি ফিট এবং সুরক্ষামূলক মাস্ক পরেই মাঠে নামবেন বলে জানা গেছে।
উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর একাদশে চার-পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। মেসি ও দি মারিয়ার অনুপস্থিতিতে তরুণদের সুযোগ দিয়ে দীর্ঘমেয়াদি দল গঠন করাই এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য। তবে বিশ্বসেরা এই দুই তারকার শূন্যস্থান পূরণ করা যে বেশ কঠিন, তা অকপটে স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ।