উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পুনরায় ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির নৈরাজ্যের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়। রুবেল অভিযোগ করেন, গত ১৭ বছরের গুম-খুন ও নির্মম শাসনের পর এখন প্রতিশোধ নিতেই তারা আগুন ও বোমা হামলার পথ বেছে নিয়েছে।
সমাবেশে তিনি যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সব দলের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় গণপ্রতিরোধ ও গণপাহারা গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বক্তারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা এবং ভোটাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।