উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে, তবে এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। অন্যদিকে, গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনুমোদিত পদের মধ্য থেকে ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নতুন অনুমোদিত এসআই পদগুলো গ্রেড-১০ এবং কনস্টেবল পদগুলো গ্রেড-১৭ ভুক্ত। জনবল সংকট মোকাবিলা ও মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট ও বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।