উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১০টা ২০ মিনিটে তালা খুলে দেওয়ার মাধ্যমে গেটটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে মিছিল নিয়ে তারা মুজিব হলের পকেট গেটের সামনে অবস্থান নেন। এতে জিয়া হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল ও সূর্য সেন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক এনামুল হক সজীব উপস্থিত হলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের প্রায় আধা ঘণ্টার মধ্যেই প্রশাসন গেটটি খুলে দিতে বাধ্য হয়।
উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত সমন্বয় সভায় গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। গেট বন্ধ থাকায় দীর্ঘদিনের ভোগান্তির শিকার হয়ে শিক্ষার্থীরা এটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।