উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে টানা দরপতনের ধারায় এবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দরপতনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই নতুন দাম নির্ধারণের বিষয়টি শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর থেকে এ পর্যন্ত আট দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে। সর্বশেষ পরিবর্তনের পর ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।