উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক সংঘাতের জেরে বিএনপির দুই নেতা হত্যা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করেছে, শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি সাধারণ মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার রাতে পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পদের পাশাপাশি সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরও আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে।
সিপিবি নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, ক্ষমতার পরিবর্তন হলেও দেশে দখলদারত্ব, দুর্নীতি ও শোষণের কাঠামো এখনো রয়ে গেছে, যার সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থী ও সাম্প্রদায়িক শক্তি।
বিবৃতিতে আরও বলা হয়, শাসক শ্রেণির ক্ষমতা ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব সাধারণ মানুষের মুক্তি বা অধিকার প্রতিষ্ঠার লড়াই নয়। এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বামপন্থী ও গণতান্ত্রিক বিকল্প শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের আহ্বান জানিয়েছে দলটি।