উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দীর্ঘ পথচলায় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেলেও আবাসন সংকট, নিরাপত্তা ও গবেষণার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিফাত জানান, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আবাসন সংকট এখনো বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত হলের অভাবে অনেক শিক্ষার্থীকে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে থাকতে হয়, যা যাতায়াতের ভোগান্তি ও ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ফারদিন মোহাম্মদ বলেন, বাসের স্বল্পতায় প্রতিদিন যাতায়াতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। প্রশাসনের উচিত আবাসন সংকট নিরসনের পাশাপাশি পর্যাপ্ত ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারেন।
ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন রহমান ক্যাম্পাসের নিরাপত্তা ও অমীমাংসিত বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হওয়াই হবে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
চারুকলা বিভাগের ইসমাত আরা জান্নাত ক্যাম্পাসে র্যাগিং বন্ধে কার্যকর পদক্ষেপ ও ভয়মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার আহ্বান জানান। তবে তিনি কোনো অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধের মাত্রা অনুযায়ী ন্যায্য ও আনুপাতিক শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন।
শিক্ষার্থীরা সুন্দর ক্যাম্পাস ও আন্তরিক পরিবেশের প্রশংসা করলেও অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক সংগঠনগুলোতে প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানিয়েছেন। ৪৮ বছরের অর্জনকে সমৃদ্ধ করতে অপ্রাপ্তি ঘুচিয়ে একটি গবেষণানির্ভর বিদ্যাপীঠ গড়ার প্রত্যাশা সবার।