উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ দেড় বছর বয়সী শিশু আর এস রহমান মাহাব মারা গেছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় একই হাসপাতালে মারা যান মাহাবের মা সাবা।
গত বৃহস্পতিবার কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশু মাহাব ও তার মা সাবাসহ পাঁচজন দগ্ধ হন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সাবার শরীরের ১০০ শতাংশ এবং শিশু মাহাবের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রতিবেশীদের ভাষ্যমতে, আগের রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যাওয়ার কারণে ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। পরদিন সকালে চুলা জ্বালাতে গেলেই আগুনের সূত্রপাত হয়। বর্তমানে ওই ঘটনায় দগ্ধ আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।