উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের ওপর একের পর এক হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কাউকে চাপাতি নিয়ে হামলা করা হচ্ছে। কেউ পাচ্ছেন হত্যার হুমকি, কেউ বিদেশের মাটিতে হেনস্তার শিকার হচ্ছেন। সম্প্রতি দুই সপ্তাহে এমন অন্তত আটটি ঘটনার খবর সামনে এসেছে। আক্রান্তদের প্রায় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ।
সর্বশেষ ১৯ নভেম্বর রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ মা–বাবাসহ পরিবারের সদস্যরা। এর আগে একই দিন গোপালগঞ্জে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগের রাতে নেত্রকোনায় আগুন দেওয়া হয় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফির বাড়িতে। এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিনও হুমকি পেয়েছেন। সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ১৫ নভেম্বর তাঁকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন?