উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ।
মিছিলটি সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও গণতন্ত্রের চেতনা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায় ও দমন-পীড়ন আমরা দেখতে চাই না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কালিয়াকৈরের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
তিনি কালিয়াকৈর পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।