উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।
অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, কেক কাটার পরিবর্তে তারেক রহমানের আদর্শ ও চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন, যা বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি জানান, তারেক রহমান সাধারণত জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন এবং ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের সবুজায়ন ও বৃক্ষরোপণের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।