উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে প্রস্তাব দিয়েছে, তার পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটি এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান চিঠিতে উল্লেখ করেন, শ্রমিকদের পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণে গড় মানের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। এছাড়া ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমাকে পুরো শিল্পের মানদণ্ড হিসেবে বিবেচনা করাকেও অযৌক্তিক বলে মনে করছে সংগঠনটি, কারণ এখান থেকে মোট রফতানির মাত্র নয় শতাংশ আসে।
গত ১৮ নভেম্বর সিপিডি তাদের মূল্যায়নে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছিল। বিজিএমইএ জানিয়েছে, সিপিডি খাদ্যবহির্ভূত ব্যয়ের সাথে আবাসন খরচ আলাদা করে যোগ করায় একই ব্যয় দুবার গণনা হয়েছে, যা ত্রুটিপূর্ণ।
চিঠিতে আরও বলা হয়, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে মজুরি ১৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি। তাই মজুরি নির্ধারণের সময় শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।