উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং নাশকতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। শুক্রবার বিকেলে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে আয়োজিত পৃথক দুটি পথসভায় তিনি এ ঘোষণা দেন।
এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে ভারত সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা উদ্বেগজনক। তিনি অবিলম্বে তাদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান।
বিএনপির এই নেতা আরও বলেন, ভারত সরকার তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কাজে ব্যবহৃত হতে দেবে না বলেই আমরা আশা করি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত বিজিবি বা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য যে, কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট থেকে ভুবনকুড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।