উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০ নভেম্বর ২০২৬ পাবনা-ঢাকা-পাবনা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে দুটি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেন দুটির শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি চাটমোহর রেলওয়ে স্টেশনের টয়লেট, বিশুদ্ধ পানি, বসার জায়গা ও আলোর অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিদিন প্রায় ১৫ হাজার যাত্রী ব্যবহার করা এই স্টেশনের আধুনিকায়নের জন্য তিনি দুটি ডিও জমা দিয়েছেন।
সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী চাটমোহর স্টেশনের আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে জরিপের কাজ শেষ হয়েছে এবং বাজেট বরাদ্দের পর দ্রুত উন্নয়ন কাজ শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে।