উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে ধরেন্ডা সেন্ট যোসেফ মাঠে আয়োজিত এই জমকালো ফাইনালে কমলাপুর যুব সমিতিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধরেন্ডা যুব কল্যাণ সংঘ। টানটান উত্তেজনার এই ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
সাভার ইয়াং মেন্স খ্রীস্টান অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই সমাপনী ও ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট মি. শেখর গিলবার্ট পিউরীফিকেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি। এছাড়া টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএজ ও ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএস অব বাংলাদেশ-এর প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ।
অনুষ্ঠানে বিশেষ ‘গেস্ট অব অনার’ হিসেবে ফাদার অমল খ্রীস্টফার ডি’ ক্রুজ, মি. শ্যামল গমেজ, মি. আগস্টিন প্রতাপ গমেজ ও মি. মাইকেল জন গমেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারুণ্যের উদ্দীপনা বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে সাভার ওয়াইএমসিএ-এর এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।