উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশন ও পরিবেশসচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশদূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়।
গম্ভীরা নাট্যের হাস্যরস ও ব্যঙ্গাত্মক সংলাপে বায়ুদূষণ, পানিদূষণ এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিকগুলো ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রথম আলো গত ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রথম আলো অগ্রণী ভূমিকা রেখেছে। পরিবেশ রক্ষার মতো জরুরি বিষয়ে গম্ভীরা নাট্যের মাধ্যমে সচেতনতা তৈরির এই উদ্যোগ প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।
বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান সোনিয়া জানান, লোকজ সংস্কৃতির মাধ্যমে ঢাকার পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল তাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক তারেক হাসান সরকার বলেন, সামাজিক অসংগতি ও মানুষের অধিকার নিয়ে কথা বলা গম্ভীরা নাট্যের ঐতিহ্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।