উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এই সভা হয়। এতে শিক্ষক, গবেষক, ব্যাংকার ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান জানান, অপ্রত্যাবাসিত রফতানি আয় ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দূতাবাসগুলোকে কাজে লাগানো হচ্ছে। ইতোমধ্যে অনেক ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্পোরেট খাতের বিনিয়োগ ৪০ শতাংশে নামিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ভবিষ্যতে কর্পোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের বিষয়েও গভর্নর বিশেষ জোর দেন। মূল্যস্ফীতি কমাতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ত্বরান্বিত করার কথা উল্লেখ করে তিনি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সঠিক ব্যবহারের তাগিদ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান ও মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।