উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়েও এগোচ্ছে সরকার। এরই মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।
সরকার ও বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার। তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের মুখে ফেলতে চাইছে আওয়ামী লীগ—এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। তবে সরকার এ ধরনের উসকানিতে পা দিতে চায় না।
এসব সহিংসতার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে। গতকাল লালমনিরহাটের জনসভায়ও আওয়ামী লীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে। এই কৌশলের একটি রাজনৈতিক দিকও রয়েছে, যার মাধ্যমে আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশবাসীর সামনে স্পষ্ট করে তুলে ধরতে চায় সরকার।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, আমরা গণতান্ত্রিক, রাজনৈতিক এবং আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করব। কোনো নিরীহ মানুষের জানমালের ক্ষতি হোক—এমন কিছু হতে দেব না। তিনি আরও বলেন, আমরা তাদের কোনো উসকানিতে পা দেব না। তাঁদের কর্মকাণ্ড দেশবাসী এবং বিশ্ববাসী দেখেছে, এবং আন্তর্জাতিক মহল তাদের কর্মকাণ্ডের মূল্যায়ন করছে ও করবে।
আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা শুধু সরকারের জন্য নয়, গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। গত বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান একান্তে কথা বলেন। খুব শিগগির রাজনৈতিক সংলাপ আয়োজনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার বলে জানা গেছে।