উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮টির নাম ইউপি নির্বাচনের ধাপভিত্তিক তালিকায় আসলেও বাদ পড়েছে তিনটি। বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া নামের এই তিনটি ইউনিয়ন মূল তালিকায় না থাকায় স্থানীয় ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গত নির্বাচনেও এই তিনটি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি। মূলত প্রস্তাবিত সাদুল্লাপুর পৌরসভা গঠন সংক্রান্ত সীমানা জটিলতা এবং পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনের মেয়াদ পূর্ণ না হওয়ার কারণেই এবারও ইউনিয়ন তিনটি তালিকায় নেই।
প্রস্তাবিত পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নের ১৬টি গ্রামকে শহর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছিল। আইনি ও সীমানা জটিলতার কারণেই ২০২২ সালের জানুয়ারিতে বাকি ৮টিতে ভোট হলেও এই ৩টিতে তা স্থগিত রাখা হয়।
পরে জটিলতা কেটে যাওয়ায় একই বছরের নভেম্বর মাসে আলাদাভাবে এই তিনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রতিটি পরিষদের মেয়াদ ৫ বছর হওয়ায়, বাকি ৮টির চেয়ে ১০ মাস পরে নির্বাচন হওয়ায় এদের মেয়াদ এক সাথে শেষ হচ্ছে না।
আইন অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ২০২২ সালের নভেম্বরে নির্বাচিত এই তিনটির মেয়াদ ২০২৭ সালের শেষের দিকে পূর্ণ হবে, তাই পরবর্তীতে কমিশন আলাদাভাবে এদের তফসিল ঘোষণা করবে।