উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এই সভায় দীর্ঘদিনের ভূমি বিরোধ ও রাজনৈতিক অবহেলাকে সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, পাহাড়ের সমস্যা সমাধানে কেবল সামরিক পদক্ষেপই যথেষ্ট নয়। তিনি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দেশের স্বার্থে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি ও জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে গভীর রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সভায় পার্বত্য নিউজ সম্পাদক মেহেদী হাসান ও লেখক আবু রুশদসহ অন্যান্য সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।