উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি পর্যায়ে তেল শোধনাগার স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখার উপসচিব আসিফ আহমেদের স্বাক্ষরিত এক আদেশে ১৮ নভেম্বর এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত ও আইন মেনে চলতে হবে। এছাড়া পরিবেশসংক্রান্ত সকল বিধিবিধান প্রতিপালন করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রাথমিক অনুমোদনের পর প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে রিফাইনারি স্থাপনের কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। এছাড়া উৎপাদিত সব পণ্য বিপিসির কাছে সরবরাহ করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।