উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা 'গ্রিনভিউ পরিবহন' এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা 'আবদুল্লাহ পরিবহন'-এর দুটি যাত্রীবাহী বাস দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার নিজ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।