উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরজুড়ে জমেছে প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। নদীর তীর থেকে এসব বর্জ্য অপসারণে বর্তমানে কাজ করছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। দীর্ঘদিনের এই দূষণে নদীর পানির গুণগত মান ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরিবেশবিদরা জানান, শীতকালে বুড়িগঙ্গা নদীর পানিতে কোনো দ্রবীভূত অক্সিজেন থাকে না। প্লাস্টিক বর্জ্য ভেঙে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। নদী রক্ষায় জনসম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
হাইকোর্টের নির্দেশে লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ চলছে। বিআইডব্লিউটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করে ইতোমধ্যেই ৩০০ টন বর্জ্য অপসারণ করেছে। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে।
নদীর তীর পরিষ্কারের পর সেখানে বৃক্ষরোপণ ও লোহার বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ডিএসসিসি বর্জ্যের বিনিময়ে বাজার ক্যাম্পেইনসহ নানা উদ্যোগ নিয়েছে। তবে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং বর্জ্য ফেলা বন্ধ না হলে স্থায়ী সমাধান কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।