উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনদ্রিক। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে একটি পুত্রসন্তান। নিজের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে কেনদ্রিক।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে বিশেষ উদ্যাপন করেন এনদ্রিক। মঙ্গলবার ৭-০ গোলে জেতা সেই ম্যাচে গোলটি করে তিনি তা স্ত্রী ও সন্তানকে উৎসর্গ করেন।
এনদ্রিক জানিয়েছেন, কেনদ্রিক নামটি তাঁর নিজেরই হওয়ার কথা ছিল, তবে পরে তাঁর বাবা-মা তা পরিবর্তন করেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই ফুটবলার জানিয়েছেন, ভবিষ্যতে সন্তান বড় হয়ে নিজেই সিদ্ধান্ত নেবে সে জনসমক্ষে আসবে কি না।
এদিকে রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ কম পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও, এনদ্রিক জানিয়েছেন তিনি ক্লাবকে সাহায্য করতে সব সময় প্রস্তুত। আপাতত পরিবারের পাশাপাশি পেশাদার ক্যারিয়ারেও পুরোপুরি মনোযোগী থাকতে চান তিনি।