উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়ক সংলগ্ন এলাকাগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো বাংলাদেশের ভূখণ্ড। তিনি দাবি করেন, এসব এলাকায় সরকারের কোনো উপস্থিতি বা অভিভাবকত্বের ছাপ নেই, যা নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদ চরম উদ্বেগ প্রকাশ করছে।
মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’—এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন। পরওয়ার বলেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তাই রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে জরুরি পদক্ষেপ নিতে হবে।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদী দোসররা নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রশাসনের একাংশও অসহায় বোধ করছে এবং সীমান্তের ওপার থেকে আওয়ামী ক্যাডারদের অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে।
পোশাক খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের আড়ালে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশকে ধ্বংস করার জন্য উসকানি দিচ্ছে। এই সংকট মোকাবিলায় তিনি সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।