উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশের বিপুল অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে।
নতুন এই যোগ্যতার ফলে বাংলাদেশের উপযুক্ত প্রকল্পগুলো ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা পাবে। এতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সহজ হবে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেছেন যে এই যোগ্যতা অর্জন দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ডিএফসি আরও জানায়, অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হলে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগের মূল ক্ষেত্রগুলো হলো জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি। এই প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, অংশীদারত্ব শক্তিশালী এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করা।