উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদবিহীন পণ্য বিক্রি, দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সিংগা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় শাকিল মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা, আসিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, দুর্গাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা এবং জুয়েল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। এ সময় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে পণ্যের মেয়াদ, মূল্যতালিকা প্রদর্শন এবং খাবার তৈরির ও সংরক্ষণের পরিবেশসহ ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এ সময় আইন লঙ্ঘনের বিষয়গুলো শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনায় বিএসটিআইয়ের প্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, খাদ্যপণ্যের মান নিশ্চিত করা, ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি প্রতিরোধ এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি ও নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।