উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই মাঠটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ বুধবার রাজধানীর ডেমরায় কলেজটির নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাতুয়াইলে আরেকটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণ করা হবে এবং বর্তমান কলেজের মাঠে আলোকসজ্জা ও নেটের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রশাসক আশা প্রকাশ করেন যে, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে এবং তাঁদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে। শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মাঠ ব্যবহারের সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।
ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ডিএসসিসির উদ্যোগে বিনা মূল্যে ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া নগরীর পরিচ্ছন্নতা রক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং ঢাকাকে ক্লিন সিটি-গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবী উল্লাহ নবী এবং কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা। খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান প্রশাসক।