উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুর জেলার বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি, এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।”