উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়।
অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটির মূল্য নির্ধারণী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগেও গত ১৪, ১৩, ১২, ১১ ও ৬ নভেম্বর ধারাবাহিকভাবে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সর্বশেষ ১৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল।