উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের বিরুদ্ধে শব্দের মারপ্যাঁচে বিভিন্ন অনিয়ম ও বাস্তবতা আড়াল করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনাকালে তিনি বলেন, সরকার ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ এবং ঋণখেলাপিকে ‘ঋণগ্রস্ত’ হিসেবে উপস্থাপন করছে।
বিরোধী দলের এই সংসদ সদস্য অভিযোগ করেন, কাঁচামাল আমদানি থেকে শুরু করে রপ্তানির প্রতিটি ধাপে মালিকদের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রভাবশালীদের তথাকথিত ‘উপহার’ ও সুরক্ষা অর্থ দিতে হচ্ছে। পাশাপাশি কারখানা পরিদর্শন এবং রাষ্ট্রীয় নানা দিবসের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করায় শিল্প পরিচালনা দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকায় চার সদস্যের পরিবারের খাদ্য খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা হলেও ন্যূনতম মজুরি নির্ধারিত রয়েছে মাত্র ১২ হাজার টাকায়। তিনি শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
জ্বালানিসংকটের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, চলমান পোশাক খাতের সংকটের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার সম্পৃক্ততা রয়েছে এবং ভারতের ভূমি ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।
দেশের ৪৫ বিলিয়ন ডলারের পোশাক খাত টিকিয়ে রাখতে মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান এই সংসদ সদস্য। সংকট মোকাবিলায় ব্যবসায়ীদের ওপর থেকে অতিরিক্ত ব্যয়ের চাপ কমানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি সমন্বয়ের ওপর জোর দেন তিনি।