উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনা নদীর তীরবর্তী পর্যটন এলাকায় সরকারি জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ দখলের অভিযোগ উঠেছে। পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দখলদারিত্বের কারণে দর্শনার্থীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাহবুব হোসেন মিঠু নামে এক ব্যক্তি বেড়িবাঁধসহ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ‘চায়ের আড্ডা’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এছাড়া বাঁধের বিভিন্ন স্থানে বেড়া দিয়ে শাকসবজির চাষাবাদ করছেন অনেকে, যা বাঁধের রক্ষণাবেক্ষণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অবৈধ দখলদারদের উচ্ছেদে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এই জায়গা দখলমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কাউকে বেআইনি দখলের সুযোগ দেওয়া হবে না। পর্যটন এলাকার পরিবেশ রক্ষা ও দখল উচ্ছেদে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।