উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গোলাপি রং ধারণ করেছে। এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় এই অদ্ভুত পরিবর্তন যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এই রহস্যময় পরিবর্তনের সঠিক কারণ উদ্ঘাটন করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহায়তা নিচ্ছে। প্রাথমিকভাবে রাজউকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও, স্থানীয়দের ধারণা কোনো রাসায়নিকের প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে।
বুয়েটের গবেষক দল ৩ নভেম্বর ঝিলের বিভিন্ন স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় পানির মান অত্যন্ত খারাপ পাওয়া গেছে এবং এতে ফসফেট ও নাইট্রেটের উচ্চমাত্রার উপস্থিতি শনাক্ত হয়েছে, যা ‘ইউট্রোফিকেশন’ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।
বুয়েটের অধ্যাপক আয়শা শারমিন জানান, পানির রং পরিবর্তনের পেছনে পার্পল সালফার, পার্পল নন-সালফার কিংবা সায়ানো ব্যাকটেরিয়ার ভূমিকা থাকতে পারে। চলতি মাসের শেষ দিকে গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।