উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী।
বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠনের কালে একদিকে যেমন রাজনৈতিক সংস্কার দরকার, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কার দরকার। সবচেয়ে বড় দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গড়ে উঠেছিল। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ভারপ্রাপ্ত দেওয়ান আবদুর রশিদ বলেন, মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে। র্যালি ও শ্রদ্ধা নিবেদনে গণসংহতি আন্দোলনের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।