উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আজাহান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। সোমবার রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, আখাউড়া থেকে চিনাইর বাইপাস সড়ক হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে সুলতানপুর পূর্বপাড়ায় চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন এবং পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী সিএনজির ড্রাইভিং ও পেছনের সিটের নিচ থেকে মোট আটটি বান্ডিলে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আজাহান (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।