উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক সংকট, সংশয়, বিশ্বাস ও আত্মপরিচয়ের সন্ধান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছে লাইট অব কুরআন। মঙ্গলবার ১৭ নভেম্বর বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণদের বুদ্ধিবৃত্তিক সংকট সংশয় বিশ্বাস ও আত্মপরিচয়ের সন্ধান শীর্ষক এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক চিকিৎসক ও দাঈ ডা. শামসুল আরেফিন শক্তি এবং ইবি কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন।
আয়োজক সূত্রে জানা যায় যে সমকালীন সময়ে তরুণ প্রজন্ম নানা ধরনের বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব সংকট নিরসন বিশ্বাসের ভিত্তি সুদৃঢ়করণ এবং আত্মপরিচয়ের প্রকৃত সন্ধান লাভের উদ্দেশ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান আলোচক ডা. শামসুল আরেফিন শক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে ক্যাম্পাসে ইসলামের সঠিক পরিচয় ও মূল্যবোধ তুলে ধরতে দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগ ও অবস্থান থেকে ইসলামী জ্ঞানচর্চা এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পড়াশোনা গবেষণা ও পেশাগত দক্ষতায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন যে একজন মুসলমানকে নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের আদর্শ ও নৈতিকতা ধরে রাখতে হবে। ব্যক্তিগত পরিবর্তনের মধ্য দিয়েই সামাজিক পরিবর্তনের পথ তৈরি হয়। তাই সংশয় দূর করা বিশ্বাস দৃঢ় করা এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আত্মপরিচয় নির্মাণের মাধ্যমে একটি সচেতন ও নৈতিক সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।