উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদ থেকে ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন।
পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেছেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে নিজের সুস্থতাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন ছিল বলে তিনি জানিয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াকে তিনি জীবনের বড় সম্মান হিসেবে অভিহিত করেছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সোমবার সংসদকে জানান, ১৫ নভেম্বর তিনি ওসমান ফারুকের পদত্যাগপত্র হাতে পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হওয়া এই নেতা এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে বিএনপির একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ার ক্ষোভ থেকেও এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি।